বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

নাটোরের নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, রাতে আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ কয়েকজন বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্য। এ সময় তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে অফিস ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সে সঙ্গে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
তবে এই বিষয়ে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।