সুন্দরবনে অবৈধ কাঁকড়া আহরণে আটক ১০

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
সুন্দরবনে অবৈধ কাঁকড়া আহরণে আটক ১০
আটককৃত জেলেরা। ছবি: সংগৃহীত

সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া আহরণকালে পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় কাঁকড়াভর্তি চারটি নৌকা, মাছ ধরার জাল এবং বিপুল পরিমাণ জীবিত কাঁকড়া জব্দ করা হয়। পরে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শুক্রবার (৩ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন—বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক (৩৮), এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫) ও আনোয়ার গাজী (৭০)। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে জোংড়া টহল ফাঁড়ি এলাকা থেকে দুটি নৌকাসহ চার জেলেকে, করমজল এলাকা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে এবং ঢাংমারী এলাকা থেকে একটি নৌকাসহ আরও তিন জেলেকে আটক করা হয়। অভিযানে ১০টি ক্যারেটে সংরক্ষিত প্রায় ২০০ কেজির বেশি জীবিত কাঁকড়া, চারটি মাছ ধরার নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণসহ সব ধরনের প্রবেশের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে জব্দ করা জীবিত কাঁকড়াগুলো খুলনা ফরেস্ট ঘাটসংলগ্ন রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় :বাগেরহাট