বাসে আগুন ও পাম্পে ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ৭ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ শহরে পেট্রোলপাম্পে এক যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও পাম্পে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। গ্রেপ্তারের পর সোমবার (৯ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তারা হলেন— জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, দ্য রেড জুলাই-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসেল হুসাইন।
জানা গেছে, গত ৭ মার্চ রাতে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের সঙ্গে তর্কাতকির একপর্যায়ে নিরব নামের এক যুবককে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য ছিলেন।
এ খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজিত কিছু লোক শহরের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং তাজ ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পরে ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ছাত্রনেতাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।