logo

ক্ষমতায় গেলে কৃষিকে শিল্পে পরিণত করব: জামায়াত আমির

ক্ষমতায় গেলে কৃষিকে শিল্পে পরিণত করব: জামায়াত আমির

কিশোরগঞ্জ মূলত শিল্পভিত্তিক নয়, কৃষিভিত্তিক জেলা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে কৃষিকে শিল্পে পরিণত করব। 

তিনি বলেন, অর্থের অভাব দেখিয়ে যারা প্রশ্ন তুলে বলবেন টাকা আসবে কোথা থেকে; তাদের উদ্দেশে বলতে চাই দেশ থেকে লুট হওয়া ২৮ লাখ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে হলেও সেই টাকা উদ্ধার করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে, আগামী দিনে উন্নয়ন সেই এলাকাতেই বেশি যাবে। 

তিনি অভিযোগ করে বলেন, কিছু লোক এখনো আমার পেছনে লেগে গেছে। আমার এক্স (টুইটার) আইডি হ্যাক করে নোংরামি শুরু করেছে। আমাদের সাইবার টিম ইতোমধ্যে বিষয়টি সমাধান করেছে এবং বের করেছে কোন জায়গা থেকে, কারা এই কাজ করেছে।

জামায়াতের আমির বলেন, আশ্চর্যের বিষয় হলো সবকিছু জানার পরও একটি রাজনৈতিক দল এ নিয়ে ব্যবসা করছে। কারও চরিত্র হননের জন্য যদি কেউ কিছু করে, তাহলে তার পাওনা বুঝে নিতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছলে-বলে-কৌশলে যেকোনোভাবে জিততে হবে এই চিন্তা থেকে বের হয়ে আসুন। সেই দিন শেষ, সেই দিন আর ফিরে আসবে না।

তিনি বলেন, ২৪-এর যুবকরা এখনো ঘুমিয়ে পড়েনি, তারা জেগে আছে। দুর্বৃত্তদের দিন শেষ। তারা ভোটের পাহারাদারির পাশাপাশি নিজেদের পাহারাদারি করবে।

ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, আমরা জামায়াতে ইসলামী দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা বিজয়ও চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিষয়। 

তিনি আরও বলেন, জাতি কোন দিকে যেতে চায় তার আলামত স্পষ্ট। তারা তাদের রায় দিয়ে দিয়েছে। যুবকরা তাদের রায়ের মাধ্যমে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বুঝিয়ে দিয়েছে আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে, আমরা আগামীর নতুন বাংলাদেশের পক্ষে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, মাঘ মাসে মাথা গরম হলে চলবে না। একটু ঠান্ডা থাকুন। ১২ তারিখ পর্যন্ত জনগণের রায়ের জন্য অপেক্ষা করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি বিজয়ী হয়ে আসবেন, তাকে অভিনন্দন জানানোর জন্য আমরা প্রস্তুত।

জনসভায় জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ১১ দলীয় জোটের নেতারাসহ জেলার ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। 

এদিন সকাল থেকেই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় অংশ নেন। মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।