logo

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হবে না

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হবে না

কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেলের জন্য বিশেষ জ্বালানি (ফুয়েল) কার্ড চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনদুর্ভোগ নিরসন এবং জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলার বৈধ মোটরসাইকেল চালকদের বিশেষ ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের যে কাগজপত্র প্রদর্শন করতে হবে সেগুলো হলো মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং সক্রিয় মোবাইল নম্বর।

এ ছাড়া অন্য জেলার যেসব ব্যক্তি চাকরি বা অন্যান্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আর অন্যান্য উপজেলায় অবস্থানরতদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকেই কার্ড নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ বা বিপণন করা হবে না।

কিশোরগঞ্জ শহরের মোটরসাইকেল চালক হুমায়ুন কবির বলেছেন, এই নতুন ফুয়েল কার্ড ব্যবস্থাকে আমি ইতিবাচকভাবে দেখছি। বর্তমানে জ্বালানি তেলের সংকট ও অনিয়মের কারণে আমাদের অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। যদি এই কার্ডের মাধ্যমে সঠিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে সাধারণ চালকদের জন্য তা অনেকটা স্বস্তির হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করা কিছুটা চ্যালেঞ্জের হতে পারে, বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা ব্যস্ত থাকেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বলেন, নোটিশটি জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয়েছে। ৪ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও কার্যক্রমটি চলমান থাকবে।