ঢাকা থেকে খুলনার পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
ঢাকা থেকে খুলনার পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনার পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

Advertisement

আজ সোমবার (২২ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্রার ফয়সাল ওরফে বাদিন (২৪), আল আমিন (২৯), মো. তুষার শিকদার (৩৮), মো. আসিফ (২৫) ও মো. সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)।

পুলিশ জানায়, সম্প্রতি খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুটি তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, খুলনা মহানগরীতে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় :খুলনা