Advertisement

সোনারগাঁয়ে ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রির

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রির
দুর্ঘটনার কবলে মালবাহী ট্রাক। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মালবাহী ট্রাকের চাপায় মোহে আলম নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার বাইপাস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম উপজেলার বাবরকপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। দুর্ঘটনার সময় তিনি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার পথে ট্রাকের চাপায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন শহিদ, আলিনুর, টিকা খান ও সুরুজ মিয়া। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, পরে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী মাহে আলম নিহত হন এবং আরও চারজন আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।