খাগড়াছড়িতে গোলাগুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে গোলাগুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ি। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালায় গোলাগুলিতে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা নামক স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফের এক সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন।

গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি ববিন ত্রিপুরা (৩২) বলে জানা গেছে। তিনি উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তি মংসানু মারমা ওরফে জীবন (২৯)। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে। তার বাড়ি উপজেলার দাতারাম পাড়ায়। জানা গেছে, আহত মংসানু মারমা ওরফে জীবন বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।

ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে বলেও জানা গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, ঘটনাস্থল রামগড়ের দুর্গম এলাকার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও আমাদের হাতে লাশ এবং আসামি হস্তান্তর করতে পারেনি। প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সুজন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

দীঘিনালা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।