logo

টয়লেটে গিয়ে ফোনে প্রশ্নের উত্তর দেখছিল এসএসসি পরীক্ষার্থী

টয়লেটে গিয়ে ফোনে প্রশ্নের উত্তর দেখছিল এসএসসি পরীক্ষার্থী

জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক দুটি পরীক্ষা কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

বকশীগঞ্জ উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী টয়লেটে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নের উত্তর দেখছিল। কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তার কাছে ফোন থাকার বিষয়টি নিশ্চিত হয়। তল্লাশি চালিয়ে ফোন উদ্ধার করে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থী বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কেন্দ্রসচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, পরীক্ষার হলে ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো প্রশ্ন ফাঁস চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একই দিনে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় নকল করার দায়ে আরও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ওই পরীক্ষার্থীর নকল করার বিষয়টি দায়িত্বরত ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষার হলে নকল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।