নাটোরে আদালতের সেরেস্তায় ঢুকে আইনজীবীকে মারধর

নাটোর জেলা জজ আদালতের সেরেস্তায় (আইনজীবীর কক্ষ) ঢুকে আসাদুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের ঘটনা ঘটেছে। তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে এ ঘটনায় কাবিল উদ্দিন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা।
মারধরের শিকার আসাদুল ইসলাম নাটোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক জিপি।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের রেজাউল করিমের ছেলে কাবিল উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আইনজীবী আসাদুল ইসলামের। সম্প্রতি বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন জানান আইনজীবী আসাদুল ইসলাম।
আদালতের বিচারক আবেদনটি গ্রহণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুল ইসলামের সেরেস্তায় গিয়ে কথা-কাটাকাটি শুরু করেন কাবিল উদ্দিন। একপর্যায়ে আইনজীবী আসাদুল ইসলামকে মারধর করা হয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






