logo
Advertisement

আশুলিয়ায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

এশিয়া পোস্ট নিউজ,সাভার
আশুলিয়ায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. রনি নামে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

Advertisement

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে জামগড়া এলাকায় ইমরান মিয়ার মালিকানাধীন বাসায় এ ঘটনা ঘটে।

আহত রনির গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি ওই বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি সম্প্রতি আশুলিয়ার জামগড়া এলাকায় ইমরান মিয়ার বাসার একটি কক্ষ ভাড়া নেন। তিনি ও তার বাবা পাশের একটি গরুর খামারে দেখাশোনার কাজ করতেন।

শনিবার বিকেলে ওই বাসা থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাকে রকাক্ত অবস্থায় রনিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যাম্বুলেন্স খবর দেন। তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ জানায়, ককটেল তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রনির হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আশুলিয়া থানার জামগড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (আইসি) রাশেদুজ্জামান জানায়, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেখানে পাউডার, মার্বেল, পিনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কারবার, এলাকা দখল, ছিনতাই বা কোনো গোষ্ঠীকে সরবরাহের জন্য ককটেল তৈরি করা হচ্ছিল। রনি দিনে খামারে কাজ করেন, রাতে এসব তৈরি করেন বলে ধারণা করা হচ্ছে।

রাশেদুজ্জামান বলেন, এই ঘটনায় জড়িত রনির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয় :