বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ তার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামের একজন ছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। সে সময় তারা পোর্ট রোড এলাকায় চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তারা মঞ্চে ছিলেন। ভুল-বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।