Advertisement

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

সোমবার (২০ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য প্রকাশ করে।

তথ্য অনুযায়ী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের দুজনের বাড়ি সুনামগঞ্জে এবং একজনের বাড়ি হবিগঞ্জে।

সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়া ১০৩ জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে; জেলাটিতে এ পর্যন্ত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জন মারা গেছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে।

বিষয় :সিলেট