logo

চিকিৎসার জন্য ভাইয়ের সঙ্গে শহরে যাচ্ছিলেন শিক্ষিকা, ট্রলির ধাক্কায় গেল প্রাণ

চিকিৎসার জন্য ভাইয়ের সঙ্গে শহরে যাচ্ছিলেন শিক্ষিকা, ট্রলির ধাক্কায় গেল প্রাণ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রলির ধাক্কায় হাজেরা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই ও মোটরসাইকেলচালক মো. শাহজাহান আলী আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার গ্রামের মৃত সনু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলে চড়ে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন হাজেরা বেগম। পথে মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ভাই স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।