logo
Advertisement

বান্দরবানে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ,বান্দরবান
বান্দরবানে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার
বিজিবির অভিযানে উদ্ধার করা সেগুন কাঠ। ছবি : এশিয়া পোস্ট

বান্দরবান সদর উপজেলার ওয়াইব্রোংপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ লাখ টাকার সেগুন কাঠ, একটি পিকআপভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

রোববার (৩০ আগস্ট) বিজিবির বান্দরবান সেক্টর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সেক্টর কমান্ডারের দিকনির্দেশনায় গত ২৭ আগস্ট বিকেলে বান্দরবান সদর থানাধীন ওয়াইব্রোংপাড়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সেক্টর সদর দপ্তরের একটি টহল দল। অভিযানের একপর্যায়ে বর্ণিত এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সেগুন কাঠের বিশাল চালানটির সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা কেটে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত কাঠ ও অন্যান্য মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বন বিভাগের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মোট ১ হাজার ৩৫২ দশমিক ৯২ ঘনফুট সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৫১ হাজার ৭২০ টাকা।

বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. আমিনুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ চক্রগুলোর যে কোনো অপতৎপরতা বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।