দুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল জামায়াতকর্মীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবীর (৩৫) নামে একজন জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রায়হান মিয়া গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁও উপজেলার গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কবীর গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নির্বাচনি এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে বন্ধু রায়হান মিয়াকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান মেহেদী। নামাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গলাকাটা এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন।
এ অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বলেন, মেহেদী হাসান কবীর জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের নির্বাচনি এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন। হঠাৎ তার এভাবে মৃত্যুতে আমরা শোকাহত।
দক্ষিণ গফরগাঁওয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
