৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কুমিল্লা আদালতে তাকে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবং তিনি সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার, এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, সে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত এটা জানা ছিল না। মাদক ব্যবসায়ীদের বিএনপিতে কোনো জায়গা নেই।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।