আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে, তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে তাহলে আমরা মনে করি— এটার ফলাফল কখনো ভালো হবে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপিকে বলি— আমরা কীভাবে কর্মসূচি করব তা আমাদের শেখাতে হবে না। তারা বলছে— এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে— লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে খালেদা জিয়া যেটা করেছিলেন সেটাও লং ড্রাইভ। আর খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।
তিনি বলেন, বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধু একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লং মার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেননি। তখন আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে কার্যক্রম ঠিক করতে হবে না।
তিনি আরও বলেন, আমাদের এনসিপির একজন যখন এমন একটা ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা মনে করেছি এই ভাষায় সমালোচনা করা ঠিক হয়নি। ভাষা ঠিক হয়নি বিধায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাকে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। তাহলে তারেক রহমান যে বাকস্বাধীনতার কথা বলেন তা মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না।
সারজিস বলেন, তাহলে কি আমরা মনে করবো তারেক রহমানের মুখে এক আর মনে আরেক। তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন আমরা স্বাধীনতা দিচ্ছি, আর ভেতরে ভেতরে কেউ একটা কথা বললে বা সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন এটা তো হতে পারে না। সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে সেই গালিকে আমরা সমর্থন করি না কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তো মিথ্যা মামলা, সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষারসহ জেলা-উপজেলার নেতারা।

