চাঁপাইনবাবগঞ্জে পোস্টাল ভোটের জন্য আবেদন ১৮ হাজার

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত এই জেলার বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছেন। এরই ধারাবাহিকতায় জেলার তিনটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন মোট ১৮ হাজার ৬৬৩ জন প্রবাসী।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চাঁপাইনবাবগঞ্জের ভোটার তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে পোস্টাল ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৬ হাজার ৩৬১ জন। যারমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ১০১ জন ও নারী ভোটার সংখ্যা ১ হাজার ২৬০ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৪ হাজার ৬২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ৩৮৩ জন ও নারী ভোটার ১ হাজার ২৪৫ জন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে পোস্টাল ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৭ হাজার ৬৭৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ১ হাজার ১৪১ জন।
নির্বাচন অফিস সূত্র বলছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়াটি সহজ ও জনবান্ধব হওয়ায় এবার প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া মিলছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থান করেও প্রবাসীরা দেশের গণতন্ত্রে ও পছন্দের প্রতিনিধি নির্বাচনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।