Advertisement

বান্দরবানে হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনী

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বান্দরবানে হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনী
এক রোগীর খোঁজ নিচ্ছেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। ছবি: এশিয়া পোস্ট

হাম-রুবেলায় আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। এ সময় তিনি রোগীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

জোন কমান্ডার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন শিশু ও অন্যান্য হাম রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের স্বজনদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা-সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে রোগীদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে। হামে আক্রান্ত রোগীদের উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের ‘মেইন ড্রেসিং স্টেশন’-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

চিকিৎসকের সঙ্গে কথা বলছেন বান্দরবানের সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। ছবি: এশিয়া পোস্ট
চিকিৎসকের সঙ্গে কথা বলছেন বান্দরবানের সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। ছবি: এশিয়া পোস্ট

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হলে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তাও নিশ্চিত করা হবে। কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

এই সেনা কর্মকর্তা আরও বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা আমাদের অগ্রাধিকার। দুর্যোগ, মহামারি কিংবা যেকোনো মানবিক সংকটে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন রোগীদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি বলেন, বান্দরবান সেনা জোন ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জনগণের প্রয়োজনে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বান্দরবান সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনীর এমন সহানুভূতিশীল উপস্থিতি ও সহযোগিতার আশ্বাস তাদের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে।