আলোচিত সাবেক চেয়ারম্যান সেলিম খানের ভাইয়ের বাড়িতে আগুন

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সেলিম খানের ভাই মো. বোরহান খান টেলুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। চব্বিশের ৫ অগাস্ট বিক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত হোন সেলিম খান এবং তার ছেলে অভিনেতা শান্ত খান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহান খান টেলুর বাড়িতে আগুন দেখতে পান আশপাশের লোকজন। পরে ফায়ার সার্ভিসকে জানালে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাড়ির একটি কাঠের ঘর ও ভেতরে থাকা একটি সোফা পুড়ে গেছে। তবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ, নাকি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, তা এখনো নিশ্চিত নয়।
চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ২৯ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ, মামলা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।
