ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল জাবির সড়ক দুর্ঘটনার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ঠিক একই স্থানে সড়ক দুর্ঘটনায় মিল্লাতের আরেক শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন। ওই ঘটনার পর জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। আগের দুর্ঘটনায় এক শিক্ষার্থীর প্রাণহানি এবং আজকের ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তারা আবারও সড়কে নেমে আসেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা দেখতে চায় না তারা। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কে নিরাপদ পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
