বাগেরহাটে ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ ও মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংহপুর গ্রামে জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত আটজন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে খোকন মোল্লা (৫০), তার ছেলে সুমন মোল্লা (৩০) ও স্ত্রী আফসানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে খোকন মোল্লার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপর পক্ষের রাসেল শেখ (২৫) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নবির শেখের ছেলে আশিকুল শেখ (৪০) এবং শহীদ মোল্লার তিন সন্তান রবিউল মোল্লা (২২), লিমা (২৪) ও সিমা (১২) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত সবার বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।
