logo

গ্রামে মাদকের দেদার কারবার, ‘বদনামে’ বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের

গ্রামে মাদকের দেদার কারবার, ‘বদনামে’ বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া-কাজীপাড়া গ্রামে মাদকের কারণে এলাকার ছেলে-মেয়েদের বিয়ে হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই কলঙ্ক থেকে মুক্তি পেতে এবং মাদক ব্যবসা বন্ধের দাবিতে শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর কাজীপাড়া জামে মসজিদের সামনে মানববন্ধন করেছেন তারা।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে কাজীপাড়াকে আশপাশের মানুষ চেনে ‘গাঁজাপাড়া’ হিসেবে। মাদকের এই তকমার কারণে কোনো পরিবারই এই গ্রামের সঙ্গে আত্মীয়তা করতে চাইছে না। ফলে অনেক ভালো ছেলে-মেয়ের বিয়ের সম্বন্ধ আসলেও তা ভেঙে যাচ্ছে। 

মানববন্ধনকারীরা বলেন, ৪-৫টি মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে তারা অতিষ্ঠ। গাঁজা, ইয়াবা ও হেরোইন এখন এলাকায় আলু-পটলের মতো প্রকাশ্যে বিক্রি হচ্ছে। বাইরে থেকে মাদকসেবীরা এসে গ্রামে ভিড় জমাচ্ছে, যার প্রভাবে স্থানীয় যুবসমাজও ধ্বংসের মুখে পড়েছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। পুলিশের কিছু সদস্য মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ‘মাসোহারা’ পায় বলেই এই ব্যবসা বন্ধ হচ্ছে না দাবি করেন বক্তারা। তারা কয়েকজনের নাম উল্লেখ করে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান।

উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশীদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে তারা আরও বড় আন্দোলনে নামবেন। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ওই এলাকায় নিয়মিত অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি পালন করছেন।