logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

রাতে বাড়ি ফেরেননি, ভোরে বাথরুমের পাশে মিলল পোশাকশ্রমিকের মরদেহ

রাতে বাড়ি ফেরেননি, ভোরে বাথরুমের পাশে মিলল পোশাকশ্রমিকের মরদেহ

মানিকগঞ্জের ঘিওরে চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বাড়ির পাশের বাথরুমে তার মরদেহ দেখতে পান শাশুড়ি। নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে।

চম্পা বেগম উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কাজ করতেন।

Advertisement

জানা যায়, প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন। তবে সোমবার সকালে কাজে যাওয়ার পর রাতে আর বাড়িতে ফেরেননি। পরে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে চম্পার শাশুড়ি হাসনা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে পুত্রবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করছেন। এরপর থেকে গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন চম্পা।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।