বাবার ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে রবিউল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ভাংবাড়িয়া খালপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে। সে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় গ্রামের বাজার থেকে বাবার ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল রবিউল। এ সময় ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।