logo

‘সায়েম স্যারকে ভিসি চাই’ স্লোগানে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

‘সায়েম স্যারকে ভিসি চাই’ স্লোগানে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল
জুমার নামাজ শেষে চুয়েটে অপসারিত ভিসিকে ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের মিছিল। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে যানবাহন শাখাসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা দেয়াললিখন কর্মসূচির ঘোষণাও পুনর্ব্যক্ত করেন।

মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, বৃহস্পতিবার তারা জানতে পারেন, অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য পদে যোগদানের জন্য যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদেই শুক্রবারের বিক্ষোভ মিছিল করা হয়েছে। অধ্যাপক শরীফুলকে শিক্ষার্থীরা উপাচার্য হিসেবে মেনে নেবেন না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অধ্যাপক সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে শিক্ষকরাও আগামী রোববার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে চুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি বলেন, চুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রতি তার আলাদা আবেগ রয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে কাজ করাই তার লক্ষ্য।

নতুন উপাচার্যের যোগদানের পরও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এর আগে শিক্ষক সমিতিও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে।