দুই পক্ষের সংঘর্ষে ৩ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি ও শ্রীপুর এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কঘেঁষা শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে দুই এলাকার লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী অসংখ্য যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর এলাকার বাসিন্দা নুরুল হক মিয়া বলেন, বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে এক গ্রুপ বিভিন্ন ঘরবাড়িতে হামলা চালায়। পরে রাতে আরেক গ্রুপ মহাসড়ক বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ নেই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এশিয়া পোস্টকে বলেন, বর্তমানে যানজট স্বাভাবিক আছে। সামান্য কথাকাটাকাটির জের ধরে এ ঘটনার সূত্রপাত জেনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।