বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেন খালেদা জিয়া: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, যশোর
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেন খালেদা জিয়া: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে। ছবি: এশিয়া পোস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণের প্রকৃত সুফল পাওয়া যাবে।

শুক্রবার (৩ জুলাই) যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, ১৯৯১ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। এরপর থেকে প্রতিবছর এ কর্মসূচির পরিধি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয় :যশোর