দইয়ে রং ব্যবহার করায় জরিমানা

কুমিল্লায় দইয়ে রং ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি ও ক্রয়ের ভাউচার দেখাতে না পারার অভিযোগে তিনটি ফলের দোকানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর রাজগঞ্জের ফলের দোকান ও দেশালীপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, দই, ফল, মিষ্টি, ডিম, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দইয়ে রং ব্যবহারের অভিযোগে নন্দগুরু দধি ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারার অভিযোগে নজরুলের ফল বিতান, ছুট্র মিয়ার ফলের দোকান ও শাহ আলমের ফলের দোকানকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, নন্দগুরু দধি ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় এবং বাকি তিন প্রতিষ্ঠানকে ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, বাজারে পণ্যের মান নিশ্চিত করা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

