logo

১১ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের মুগ্ধ

১১ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের মুগ্ধ
পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা ৮ বছরের শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সি শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। সে মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সে হিফজ সম্পন্ন করে।

মুগ্ধ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র পুত্র। তার মা মিরসরাই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মায়ের চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে মিরসরাই সদরে বসবাস করছে পরিবারটি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে দারুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় মুগ্ধ। এরপর নিজস্ব অধ্যবসায়, শিক্ষকদের সহযোগিতা ও বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনায় মাত্র ১১ মাসে পুরো কোরআন হিফজ করতে সক্ষম হয় সে। প্রতিদিন সে কখনো ৪-৫ পৃষ্ঠা, আবার কখনো ৫-৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শোনাত। ৮ বছর বয়সি এই শিশুর অনন্য প্রতিভায় শিক্ষকরাও বিস্মিত।

মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম মজুমদার বলেন, ছোটবেলা থেকেই ওর স্বপ্ন সে কাবা শরীফের ইমাম হবে। আমরা তাকে বলতাম, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ এক দিন অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, সে এত কম বয়সে হাফেজ হয়েছে। তার স্বপ্ন পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

মাদ্রাসার মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং বাবা-মায়ের সহযোগিতায় মুগ্ধ মাত্র ১১ মাসে হিফজ শেষ করেছে। এত কম বয়সে হিফজ সম্পন্ন করার ঘটনা বেশ বিরল। মুগ্ধের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চাই।