‘আমাদের নির্বাচিত করলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে’

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ গণভোটের পক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, গত ১৫ মাস যখন আমি দায়িত্বে ছিলাম, আমাদের অভাগা, বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে।
শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় বাকি নেই।
তিনি বলেন, কুমিল্লাকে নিয়ে শেখ হাসিনার বিশেষ ধরনের কষ্ট ছিল, সেই কষ্ট থেকে কুমিল্লায় নতুন ধরনের প্রস্তাব তো দূরের কথা, যে প্রকল্পগুলো চালু ছিল, তা বন্ধ করে দিয়েছিল। কুমিল্লার যেখানে পাকা রাস্তা ছিল, কাজ শেষ না হতে হতেই তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উ.) জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম।