শেরপুরে পাচারের সময় ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক দুই

শেরপুর সদরে অবৈধভাবে পাচারকালে ৮০০ লিটার ডিজেল জব্দ করে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জিয়াউর রহমান (৪৮) ও রবিন মিয়া (২৩)। তারা শেরপুর জেলার বাসিন্দা।
জানা গেছে, সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে একটি অসাধু চক্র ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পরে বেশি দামে তা খোলা বাজারে গোপনে বিক্রি করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কৃষিকাজ, পরিবহনসহ বিভিন্ন খাতে জ্বালানির উপর নির্ভরশীলরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অতিরিক্ত মুনাফা লাভের আশায় মঙ্গলবার রাতে ব্যাটারিচালিত একটি ভ্যানে চারটি ড্রামের মধ্যে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডিজেলসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের মালিক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, দুইজনকে আটক করা হয়েছে এবং জব্দকৃত ডিজেল থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।