logo

খাগড়াছড়িতে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
খাগড়াছড়ির কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান ও স্থাপনার ধ্বংসস্তূপ। ছবি : এশিয়া পোস্ট

খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের ৮টি দোকান ও ১টি বসতঘরসহ মোট ৯টি স্থাপনা এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আনুমানিক প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কান্তি নাথ জানান, আগুনে ৮টি দোকানঘর, একটি বসতবাড়ি ও একটি টমটম পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে তাদের প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হঠাৎ এই সর্বনাশা আগুনে ব্যবসায়ীরা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।