নাফ নদে মাছ ধরতে গিয়ে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী নাফ নদের শূন্যরেখায় বিস্ফোরণে রোহিঙ্গা এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত কিশোরের আব্দুল হাকিম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুল হাকিম মাছ শিকার করে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
জহিরুল ইসলাম জানান, স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদের শূন্যরেখায় বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।