logo

ফরিদপুরে কিস্তির চাপে যুবকের আত্মহত্যা

ফরিদপুরে কিস্তির চাপে যুবকের আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়ায় ঋণের চাপে গোবিন্দ বিশ্বাস নামে এক যুবকের আত্মহত্যা। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়ায় গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৬ লাখ টাকার ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতা ও পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোবিন্দ বিশ্বাস ওই গ্রামের পরিমল বিশ্বাসের একমাত্র ছেলে। তার একজন কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে চড়া সুদে ঋণ নিয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান গোবিন্দ। সেখানে কিছুদিন কাজ করার পর তার আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে প্রায় দেড় বছর পর মালয়েশিয়া পুলিশের কাছে ধরা দিয়ে শূন্য হাতে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে জীবিকা নির্বাহের জন্য একটি সেলুনে কাজ শুরু করেন গোবিন্দ। তবে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা তার পিছু ছাড়েনি।

জানা গেছে, দুটি এনজিও থেকে ৬ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু সেলুনের সীমিত আয়ে এনজিওর বিপুল অঙ্কের সাপ্তাহিক কিস্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন গোবিন্দ। কিস্তি পরিশোধের তীব্র মানসিক চাপ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া ও পারিবারিক কলহ লেগে থাকত। একপর্যায়ে গত ৩ নভেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন গোবিন্দ। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক যুবকের বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।