বন্ধুদের সঙ্গে আড্ডায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে মো. হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে পৌর শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. হেলাল উদ্দিন উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গরুর বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন হেলাল। এ সময় হেলালের সঙ্গে শরিফুলের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, শরিফুলসহ কয়েকজন নেশা করছিল। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে হেলালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই আল আমিন বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ফোনে জানতে পারি, আমার ভাইকে মাইরা ফেলছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
এ বিষয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নেশার জন্য খুন হয়েছে কি না তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ইতোমধ্যে আমরা একজনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছি। জড়িতদের ধরতে অভিযান চলমান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
