logo

শুক্রবার থেকেই উত্তেজনা ছিল চরবাগডাঙ্গায়

শুক্রবার থেকেই উত্তেজনা ছিল চরবাগডাঙ্গায়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে চরম রাজনৈতিক উত্তজনা বিরাজ করছিল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকেই। এপরই ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন। শুক্রবার রাতে ইউনিয়নের ফাঁটাপাড়া এলাকায় ককটেল তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকেই চরবাগডাঙ্গা এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। অভিযোগ ওঠে, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গোটাপাড়া নামক স্থানে বিএনপির কিছু কর্মী জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার হুমকি দেন এবং এর জন্য তারা পূর্বপ্রস্তুতি গ্রহণ করছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ শুক্রবার রাতেই এশিয়া পোস্টকে এই উত্তেজনার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। 

স্থানীয়রা জানান, শুক্রবারের সেই উত্তেজনার রেশ ধরেই ফাঁটাপাড়া এলাকায় গোপনে ককটেল তৈরির কাজ চলছিল। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার লক্ষ্যেই এসব শক্তিশালী ককটেল তৈরি করা হচ্ছিল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আমরা সব তথ্য এবং আগের দিনের উত্তেজনার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।