মোংলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা, কেক-পতাকাসহ আটক ৪

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশরাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোড এলাকার পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেন পিয়েল এবং শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিৎ মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৩)।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের সভা-সমাবেশ বা অনুষ্ঠান আয়োজনের তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক, আওয়ামী লীগের একটি দলীয় পতাকা এবং ছাত্রলীগের একটি পতাকা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।





