Advertisement

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
আদালত প্রাঙ্গণে আসামি মো. আওয়াবিন মিয়া। ছবি : এশিয়া পোস্ট

মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির শিক্ষার্থী সোহান মিয়া হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য একটি ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার মো. আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সারসী গ্রামের মো. সাগর মুন্সি। তাদের মধ্যে সাগর মুন্সি পলাতক রয়েছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, নিহত সোহান মিয়া সিংগাইরের ফোর্ডনগর বিআরটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবার তাকে একটি ব্যাটারিচালিত হ্যালোবাইক কিনে দেয়। তিনি পড়াশোনার পাশাপাশি তা চালিয়ে আয় করতেন। ২০২১ সালের ১৯ জুলাই সোহান হ্যালোবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরে কাঁচা সড়কের পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে উঠে আসে, হ্যালোবাইক ও মোবাইল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দেন।