আইনজীবীর বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আগ্নেয়াস্ত্র, গুলিসহ কুমিল্লা আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলিকে (এজিপি) আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুইজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, আজ সকাল ছয়টার পর টমছমব্রিজ এলাকা থেকে আরিফুলকে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার মুঠোফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে জানান, মাসুদুল হকের বাসায় আছে অস্ত্রটি। তার দেওয়া তথ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদুল হকের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। মাসুদুল ও আরিফুলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।