বরগুনায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল

বরগুনার একাধিক স্থানে মশাল মিছিল ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর ও আমতলীতে মশাল মিছিল এবং বেতাগীতে সড়কে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে বরগুনা পৌর শহরের ফরমান আলী সড়কে সদর উপজেলা যুবলীগ নেতা রাজিব হাওলাদারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। এছাড়া আমতলী উপজেলা যুবলীগের উদ্যোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল করা হয়।
অন্যদিকে, বেতাগী উপজেলা যুবলীগের উদ্যোগে পৌর শহরের কালবার্ট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
তবে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পৌরসভা এলাকায় কোনো মশাল মিছিলের ঘটনা ঘটেনি। তবে গ্রামের কোনো নির্জন সড়কে মিছিল হয়ে থাকতে পারে। ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।


