চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের কোপে আহত ববিতা খাতুন মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার ববিতা খাতুনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ববিতা (২৭) ওই গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে।
সানোয়ার হোসেন বলেন, রাতে আমার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। রাতে মেয়ের চিৎকারে তাদের ঘুম ভাঙে। পরে ববিতাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ববিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া ১০টার দিকে ববিতা মারা যান। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রতিবেশীরা জানান, ববিতার তিনটা বিয়ে হয়েছে। তবে বর্তমানে তার কারও সঙ্গে সম্পর্ক নেই। তার দুই মেয়ে আছে। বাবা রোগে আক্রান্ত। কাজ করতে পারেন না।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে জানা গেছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।