logo
Advertisement

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুষ্টিয়া
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ
ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন— মণ্ডল গ্রুপের প্রধান ওয়াসিম মণ্ডল, তুষার মণ্ডল ও বেল্লাল হোসেন এবং সরদার গ্রুপের প্রধান লিটন সরদার, কামাল সরদার ও সুমন সরদার। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, হোসেনাবাদ এলাকায় মণ্ডল ও সরদার গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় হোসেনাবাদ বাজারে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের প্রায় ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেন। সংঘর্ষ চলাকালে একপর্যায়ে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

জানা গেছে, দুই গ্রুপের জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য পূর্বে কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, “তারা সবাই আমাদের লোক। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম, তবে সালিশ বৈঠকে বিষয়টি পুরোপুরি সমাধান করা যায়নি। আজ শুনছি, তারা দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “হোসেনাবাদ বাজারে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে, তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।”

বিষয় :