বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের বিক্ষোভ

বোনাস দেওয়ার দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে খনির আবাসিক গেটে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিজার রহমান তপু, সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলাম ও শ্রমিক নেতা রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, খনি ভূগর্ভের ১৪০৬ নং কোল ফেইসের কয়লার মজুত শেষে হওয়ায় জানুয়ারি মাসে কয়লা উত্তোলন শেষ হলেও শ্রমিকদের বোনাস দেওয়া হয়নি। ঈদের আগে বোনাস দেওয়া না হলে কয়লাখনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ থেকে আগামী শনিবার (২৩ মে) থেকে প্রতিদিন দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) খান মো. জাফর সাদিক বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। কিছু জটিলতা রয়েছে। সমাধানের চেষ্টা চলছে। খনির ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।
