logo

ভুল করলে আবার ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ

ভুল করলে আবার ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, প্রশাসন যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায়, তাহলে আবার ৫ আগস্ট নেমে আসবে। তিনি বলেন, এই নির্বাচন ১৪০০ শহীদের রক্তের নির্বাচন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ প্রশাসনকে উদ্দেশ করে বলেন, কিছু কতিপয় লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজীর থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই, আগামী নির্বাচনে কোনো এসপি, ওসি বা এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।

তিনি জোর দিয়ে বলেন, এই দেশটা ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি ভোটচোরদের হাতে দেশ তুলে দেন, এই ভোটচোররা পরে আপনার সন্তানদের রাস্তায় গুলি করার জন্যই আপনাকে নির্দেশ দেবে। সিদ্ধান্ত এখন আপনাদের–ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দেবেন, নাকি জনতার হাতে? 

হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মিডিয়ার ভাইয়েরা, আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা আমাদের জানান, তাদের খবর কেটে দেওয়া হয়। অন্যদিকে, মিডিয়াজুড়ে শুধু একটি দলের বন্দনা ও প্রশংসা শোনা যায়। মিডিয়া যদি আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা না রাখে, জনগণ এবার মিডিয়াকেও লাল কার্ড দেখাবে।

তিনি দাবি করেন, আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, তা হবে দুর্নীতিমুক্ত। আমরা যখন রাজনীতি শুরু করি বলেছিলাম–আমরা শুধু খেলা চেঞ্জ করব না, খেলার নিয়মই পাল্টে দেব।

বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, জামায়াতে ইসলামীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখার নির্বাহী সদস্য আব্দুল বাতেন, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার প্রমুখ।