logo

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের
উপজেলার ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ থেকে এক দম্পতির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম রিনা আক্তার (৩০) ও আল আমিন। পুলিশ ও স্বজনদের ধারণা, পারিবারিক কলহ ও দেনার হাত থেকে বাঁচতে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রিনা আক্তার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তার স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনে এক যুবক-যুবতীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রিনার স্বজনেরা জানান, প্রায় চার বছর আগে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন রিনা ও আল আমিন; এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। পরিবার মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাঙনাহাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন, যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তাদের ধারণা, পারিবারিক কলহ ও জুয়ার জেরে তৈরি হওয়া সংকট থেকেই তাঁরা একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ছিন্নবিচ্ছিন্ন দুটি মরদেহ দেখতে পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।