‘পাঠকের আস্থার গণমাধ্যম হয়ে উঠেছে এশিয়া পোস্ট’

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে খুব অল্প সময়ের মধ্যেই দেশসহ বিশ্বের পাঠকদের কাছে একটি আস্থার গণমাধ্যম হয়ে উঠেছে এশিয়া পোস্ট। প্রতিযোগিতার এই যুগে দ্রুত সংবাদ যাচাই-বাছাই করে সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে এশিয়া পোস্ট।
সোমবার (১১ মে) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের নানা অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ গণমাধ্যম। প্রযুক্তিনির্ভর সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বক্তারা আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট সবসময় সত্যের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্টের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রানা আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আব্দুল কাদের শেখ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হামিদ খান, প্রেসক্লাবের সহসভাপতি হীরক গুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সমাজকর্মী মানুষ বিশ্বাস, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠান ঘিরে পুরো প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিরা কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেন। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
নতুন এ পথচলায় এশিয়া পোস্ট সত্য, ন্যায় ও গণমানুষের কণ্ঠস্বর হয়ে গণমাধ্যম জগতে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।