logo

পার্বতীপুরে কর্মচারীর বাসা থেকে রেলওয়ের সরকারি কাঠ উদ্ধার

পার্বতীপুরে কর্মচারীর বাসা থেকে রেলওয়ের সরকারি কাঠ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে বেশ কিছু রেলওয়ের স্লিপার (রেল লাইনের নিচে ব্যবহৃত কাঠ) উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রেলওয়ের এক কর্মচারীর বাসা থেকে অবৈধভাবে মজুদ করা সরকারি এসব কাঠ উদ্ধার হয়। তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, রেলওয়ের বিপুল সংখ্যক সরকারি কাঠ মজুত রয়েছে এমন একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনার পর পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর (সিআই) হাসান শিহাবুল ইসলামের নির্দেশে পৌর শহরের ইসলামপুর এলাকায় অবস্থিত রেল কর্মচারী মোস্তাফিজুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী-পথ দপ্তরের ওয়েম্যান হিসেবে কর্মরত ওই কর্মচারীর বাসার পাশের একটি কক্ষে রাখা মোট ৮৬ পিস বিভিন্ন সাইজের কাঠ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৫টি বাতা এবং ৪১টি প্রায় ১০ ফিট লম্বা কাঠ রয়েছে। রেলওয়েতে চাকরির সুবাদে কর্তৃপক্ষকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নষ্টের পাশাপাশি রেল লাইনে ব্যবহার উপযোগী ভালো স্লিপার নামমাত্র মূল্যে কিনে নিজ বাসায় মজুদ করে আসছিলো ওই কর্মচারী। পরবর্তীতে এসব স্লিপার থেকে আসবাবপত্র তৈরির জন্য বিভিন্ন সাইজের কাঠ বানানো হতো।

অভিযানের সময় স্লিপার থেকে বানানো এসব কাঠ নিজের দাবি করলেও তাৎক্ষণিক ভাবে কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি রেলওয়ের ওই কর্মচারী। এ ঘটনায় রাত পৌনে ১টার দিকে আভিযানিক দল উদ্ধারকৃত বিপুল সংখ্যক সরকারি কাঠ পার্বতীপুর রেলওয়ে থানা হেফাজতে নিয়ে আসে।

অভিযোগ আছে, কর্তৃপক্ষের যোগসাজশে দীর্ঘদিন যাবত ওই দপ্তর হতে নষ্টের পাশাপাশি ভালো স্লিপার বের হয়ে আসছিল। এ ঘটনার পর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানের নেতৃত্বদানকারী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপসহকারি পরিদর্শক (এএসআই) শেখ মেহেদী জামাল জানান, রেল পুলিশের সহযোগিতায় একটি বাসা থেকে বিপুল সংখ্যক রেলওয়ের সরকারি কাঠ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।