সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারি, দুই আরএনবি সদস্য আটক

সিলেটে অবৈধভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু রেলের টিকিট জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন।
আটকরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। এ সময় অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসন সূত্র জানায়, আটকরা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তাদের কাছে থাকা টিকিট এবং ব্যবহৃত ফোনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, রেলওয়ের টিকিট কালোবাজারি বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারির ঘটনা অনেকাংশে কমে আসবে।


